প্রোটিন এবং এসএমএন
মানুষের শরীরে প্রতিনিয়ত প্রোটিন তৈরি হয়। প্রোটিন হলো রাসায়নিক অণু। আকারে বড়ো অণু। শরীরে বহু ধরনের প্রোটিন তৈরি হয়। একেক প্রোটিনের আকার একেক ধরনের। আবার একেক প্রোটিনের কাজ বা ফাংশনও আলাদা আলাদা। আপনি নিশ্চয়ই ইনসুলিনের নাম শুনেছেন। ইনসুলিন আসলে এক ধরনের প্রোটিন।
তেমনি শরীরে একটা প্রোটিন আছে, যেটার নাম সারভাইভাল অব মোটর নিউরন (SMN)। এই প্রোটিন পরোক্ষভাবে আমাদের পেশি সঞ্চালনে সাহায্য করে। হাঁটতে, দৌড়াতে, কথা বলতে, নিঃশ্বাস নিতে — আমাদের পেশির সঞ্চালন হয়। সুতরাং কারো শরীরে যদি পর্যাপ্ত পরিমাণের এসএমএন প্রোটিন তৈরি না হয়, তাহলে তাদের হাঁটতে কিংবা দৌড়াতে সমস্যা হয়। অন্যান্য পেশি সঞ্চালনে সমস্যা হয়। এমনকি নিঃশ্বাস নিতেও।
শরীরে পর্যাপ্ত পরিমাণে এসএমএন প্রোটিন তৈরি না হওয়ার কারণে, উপরে উল্লেখিত লক্ষণ দেখা দিলে, এই রোগটিকে আমরা বলি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ (SMA)।
রোগটি বংশে চলে যেভাবে
এসএমএ একটি জিনগত রোগ (Genetic disease)। আমরা কথায় কথায় অনেক সময় বলি — বংশগত সমস্যা! এটা দ্বারা বুঝানো হয়, বাবা-মা কিংবা দাদা-দাদী, নানা-নানী অর্থাৎ বংশের কারো যদি কোনো রোগ থেকে থাকে কিংবা রোগ হওয়ার কারণ লুকায়িত (সুপ্ত) থাকে, তাহলে বংশ পরম্পরায় সে রোগ কেউ পেতে পারে।
কিছু জিনগত রোগের জন্য শুধুমাত্র মা কিংবা বাবার যে কোনো একজনের ত্রুটিপূর্ণ বা পরিবর্তিত (Mutated gene) জিন সন্তানের শরীরে প্রবাহিত হলেই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আবার কিছু কিছু জিনগত রোগের ক্ষেত্রে মা এবং বাবা — দুজনেরই ত্রুটিপূর্ণ জিন সন্তানের শরীরে যেতে হয়। এসএমএ দ্বিতীয় ধরনের রোগ। অর্থাৎ যারা এসএমএ রোগী, তাদের মা-বাবার শরীরে রোগের কোনো লক্ষণ থাকে না; তাঁরা কেবল বাহক (carrier)।
প্রতিটি সন্তানের ক্ষেত্রে রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা চার ভাগের এক ভাগ, অর্থাৎ ২৫ শতাংশ। প্রতিটি জন্মেই হিসাবটা নতুন করে শুরু হয় — আগের সন্তান সুস্থ হলে পরের সন্তানের ঝুঁকি কমে না।
মিউটেশন মানে কী
জিন মিউটেশন বিষয়টা একটু সহজ করে বলি। মনে করেন আপনি যুদ্ধ করছেন। যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে বার্তা বা মেসেজ দেয়া হয় কোড ব্যবহার করে। যেন শত্রুরা সেই মেসেজ থেকে কিছু না বুঝে।
তোমরা এগিয়ে যাও এবং শত্রুদের ফায়ার করো
তোমরা যেখানে আছো, সেখানেই থাকো। শত্রুরা তোমাদের খুব কাছে
শেষের একটা অক্ষর বদলে গেছে — A-এর জায়গায় T। মাত্র একটা অক্ষর, কিন্তু পুরো মেসেজটাই বদলে গেলো।
মানুষের শরীরের কোষে এরকম একটা বিষয় ঘটে। শরীরের কোষে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এখন ডিএনএ-কে আপনি এমন কোডের সাথে তুলনা করতে পারেন। কোডের সামান্য হেরফেরের কারণে যেমন পুরো মেসেজটাই বদলে গেলো, ঠিক তেমনি কোষের ডিএনএ-র কোডে একটু হেরফের হলেই প্রোটিনের গঠনে সমস্যা হয়।
ডিএনএ-তে মিউটেশন হলে, সেটা আরএনএ-তেও দেখা দেয়। আর আরএনএ-তে সেই ভুল থেকে গেলে সঠিক প্রোটিনটা তৈরি হয় না। কিংবা কার্যকর বা ফাংশনাল প্রোটিন তৈরি হয় না। যাদের এসএমএ রোগটি আছে, তাদের ক্ষেত্রে এসএমএন প্রোটিন তৈরির মূল জিন — যার নাম SMN1 — হয় পুরোপুরি অনুপস্থিত (বিজ্ঞানের ভাষায় ডিলিটেড), নয়তো মিউটেশনের কারণে অকেজো।
আপনারা যারা খুব মনোযোগ দিয়ে এ পর্যন্ত পড়েছেন, তারা নিশ্চয়ই ভাবছেন, আচ্ছা, ডিএনএ-র কোডে যদি মিউটেশন থেকে থাকে, তাহলে সেটা শুধরে দিলেই তো হলো। আপনাকে অভিনন্দন, এতো সুন্দর ভাবনার জন্য। আপনি বস্তুত একজন বিজ্ঞানীর মতোই ভেবেছেন।
ব্যাকআপ জিন SMN2
ডিএনএ-কে শুধরে দেয়া একটু জটিল। তবে এখানে সৌভাগ্যের একটা বিষয় আছে। প্রকৃতি মানুষকে এসএমএন প্রোটিন তৈরির জন্য একটা বাড়তি বা ব্যাকআপ জিন দিয়েছে, যার নাম SMN2। SMN1 আর SMN2 — এই দুই জিন প্রায় হুবহু এক, তবে একেবারে এক না। ছোট্ট একটা পার্থক্যের কারণে SMN2 জিন থেকে যে আরএনএ তৈরি হয়, কোষ সেটাকে জোড়া লাগানোর সময় (এই জোড়া লাগানোর প্রক্রিয়াটির নাম স্প্লাইসিং) একটা গুরুত্বপূর্ণ টুকরো — এক্সন-৭ — বাদ পড়ে যায়। ফলে যে প্রোটিনটা তৈরি হয় সেটা খাটো এবং দুর্বল, শরীরে বেশিক্ষণ টেকে না। অর্থাৎ ব্যাকআপ জিনটা আছে, কিন্তু সে ঠিকমতো কাজ করছে না।
রিসডিপ্লাম কীভাবে কাজ করে
বিজ্ঞানীরা তো বসে থাকে না। এসএমএ রোগের জন্য একটা ওষুধ আছে, যেটার নাম রিসডিপ্লাম। রিসডিপ্লাম ঠিক এই জায়গাটাতেই কাজ করে। ওষুধটি SMN2 জিনের আরএনএ-র সাথে বাইন্ড করে, বন্ধনযুক্ত হয়, এবং কোষকে বাধ্য করে যেন এক্সন-৭ টুকরোটা বাদ না পড়ে। ফলে ওই ব্যাকআপ জিন থেকেই পূর্ণাঙ্গ ও কার্যকর এসএমএন প্রোটিন তৈরির পরিমাণ কিছুটা বাড়ে। ফলে এসএমএ রোগী কিছুটা স্বস্তি পায়। শান্তি পায়।
আবিষ্কারের গল্প
রিসডিপ্লাম আবিষ্কারের শুরুটা হয়েছে আমেরিকার একটি বায়োটেক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নাম হলো পিটিসি থেরাপিউটিকস। সে প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিন ড্রাগ ডিসকভারি টিমে গবেষণার সুযোগ হয়েছিলো। এবং আমি যেহেতু একজন মেডিসিনাল কেমিস্ট, ফলে গবেষণার জন্য ল্যাবরেটরিতে রিসডিপ্লাম তৈরিও করেছি। এই প্রকল্পে শুরুর দিক থেকেই পিটিসির সহযোগী ছিলো সুইজারল্যান্ডের ওষুধ প্রতিষ্ঠান রোশ (Roche) এবং আমেরিকার এসএমএ ফাউন্ডেশন। পরবর্তীতে রোশ ওষুধটির ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট ও বাজারজাতকরণের দায়িত্ব নেয়।
বিরল রোগ, বড়ো সংখ্যা
জিনগত অনেক রোগকে আমরা বিরল বলে থাকি। অর্থাৎ সচরাচর সবার হয় না বলেই বিরল শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং এসএমএ হলো একটা বিরল জিনগত রোগ (Rare genetic disease)। বিরল রোগ অনেক আছে। যেমন ডুশেন মাসকুলার ডিসট্রফি (DMD), হান্টিংটনস ডিজিজ (HD), সিসটিক ফাইব্রোসিস এমন ইত্যাদি। আমি দীর্ঘদিন হান্টিংটনস ডিজিজের ওষুধ আবিষ্কারের গবেষণার সাথে জড়িত ছিলাম। এবং আমাদের টিমের আবিষ্কৃত একটি ওষুধ, যেটা ভটোপ্লাম (Votoplam) নামে পরিচিত, সেটার ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
একটা রোগ বিরল, কিন্তু বিরল রোগের সংখ্যা কয়েক হাজার। বাংলাদেশের মতো জনবহুল দেশে সেই হিসাব কয়েক লক্ষে থামে না, কয়েক মিলিয়নে গিয়ে দাঁড়ায়।
সৃষ্টিকর্তা মানুষকে রোগ দিয়েছেন। আবার মানুষের ভিতর মেধাও দিয়েছেন সেই রোগের বিরুদ্ধে ওষুধ আবিষ্কারের। ওষুধ তৈরি করার। আবার ডাক্তারদের বিদ্যা দিয়েছেন, যেন রোগীর রোগের লক্ষণ পর্যবেক্ষণ করে, পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক ওষুধ সেবনের পরামর্শ দেন। রোগীর জন্য ওষুধ হলো একটা বিষয়। কিন্তু রোগীর সাথে আশার কথা বলা, রোগীর মনে শক্তি দেয়া, রোগীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করা — এগুলো কিন্তু কম শক্তিশালী ওষুধ নয়। মানুষকে সাহস দেয়া, মানুষের মনে আশার সঞ্চার করা — এগুলো তো আশীর্বাদ কিংবা দোয়ার মতোই।
বাংলাদেশের জন্য
বিরল রোগের ওষুধের দাম অনেক। দাম বেশি হওয়ার কারণ হলো, যেসব প্রতিষ্ঠান গবেষণা করে এই ওষুধ আবিষ্কার করে, তাদেরকে আবিষ্কারের জন্য অনেক টাকা খরচ করতে হয়। উন্নত দেশে যেহেতু মেডিক্যাল ইন্সুরেন্স এই খরচ বহন করে, ফলে রোগীর পরিবারের উপর আর্থিক চাপ কম পড়ে। কিন্তু বাংলাদেশে এসব ওষুধের দাম অনেক বেশি।
ফলে বাংলাদেশে বিরল রোগের ওষুধ আবিষ্কারের গবেষণা এবং ওষুধ তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে। এজন্য সরকার এগিয়ে আসলে এসব রোগী এবং রোগীর পরিবারের মুখে হাসি ফুটানো সম্ভব। আমি স্বপ্ন দেখি, দেশের সরকার বিরল রোগের ওষুধ আবিষ্কারের ও উন্নয়নের (discovery and development) উদ্যোগ নেবে এবং সে উদ্যোগে আমরা আমাদের অভিজ্ঞতাকে, জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের রোগীদের জীবনকে কিছুটা সহজ করতে পারবো। বাংলাদেশের রোগী ও তাদের পরিবারদের চাওয়াও সেটাই।
বি:দ্র: সহজ করে লিখতে গিয়ে অনেক জটিল শব্দ ও বিস্তারিত মোড অব অ্যাকশন ইচ্ছে করেই উপেক্ষা করা হয়েছে।
বৈজ্ঞানিক আর্টিকেলের সূত্র
- J. Med. Chem. 2018, 61, 11021–11036. doi:10.1021/acs.jmedchem.8b01291
- Science 2014, 345, 6197, 624–625. doi:10.1126/science.1258444
- Nat. Chem. Biol. 2019, 15, 1191–1198. doi:10.1038/s41589-019-0384-5